রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:১৭ পিএম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
expand
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ক্যাবল অপারেটরদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার।

তিনি আরও বলেন, ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেশের লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত। তাই এ খাতকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব।

শনিবার (৯ মে ) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন (আইসিবিসি) এক্সপো-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্যাবল টেলিভিশন, সম্প্রচার ও টেলিযোগাযোগ খাত এখন প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে। স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপি টিভি এবং ডিজিটাল কনটেন্ট ব্যবস্থার বিস্তারের ফলে এ খাত জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

ফকির মাহবুব আনাম বলেন, সরকার এ খাতের আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্যাবল অপারেটরদের দীর্ঘদিনের অবদান দেশের তথ্য ও বিনোদন খাতকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যতেও সরকার তাদের পাশে থাকবে।

প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা, গ্রাহকের তথ্য নিরাপত্তা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং স্থানীয় কনটেন্ট উৎপাদনকে উৎসাহিত করার আহ্বানও জানান তিনি।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, এটকোর সাধারণ সম্পাদক এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ কোয়াব-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ মে শুরু হওয়া তিন দিনব্যাপী এই এক্সপো আজ সমাপ্ত হয়। এক্সপোতে দেশি-বিদেশি ৬৭ টি প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক ক্যাবল টিভি, ব্রডকাস্টিং ও কমিউনিকেশন প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন