

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জন্মদিনে প্রিয় তারকাকে দীর্ঘায়ু কামনা করাটাই স্বাভাবিক। কিন্তু সেই শুভেচ্ছাবার্তা দেখে যদি সবাই হঠাৎ ‘রেস্ট ইন পিস’ (RIP) বলা শুরু করে, তবে বিষয়টি কেমন শোনায়?
ঠিক এমনই এক অদ্ভুত ঘটনার শিকার হয়েছেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা অ্যারন পল। ভক্তদের অতিরিক্ত আবেগ আর ভুল বার্তার কারণে তার ৪৭তম জন্মদিনে ছড়িয়ে পড়ে তারই মৃত্যুর গুজব!
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ২৭ আগস্ট ছিল অ্যারন পলের জন্মদিন। দিনটিতে ভক্ত ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে যেসব পোস্ট দেন, সেগুলোর ডিজাইন ও লেখার স্টাইল দেখতে ছিল অনেকটা শোকবার্তার মতো। এই বিভ্রান্তিকর পোস্টগুলো দেখেই সাধারণ নেটিজেনরা ভেবে বসেন যে অভিনেতা হয়তো আর নেই।
এই গুজব বাতাসে ভেসে বেড়ানোর পেছনে পলের সামাজিক মাধ্যমে দীর্ঘ অনুপস্থিতিও বড় ভূমিকা রেখেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে শেষ পোস্ট করে তিনি বিরতি নেন। দীর্ঘদিন তার পক্ষ থেকে কোনো আপডেট না থাকায় ভক্তরা বিভ্রান্তিকর পোস্টগুলো দেখে সহজেই বিশ্বাস করে ফেলেন।
পরবর্তীতে অন্যান্য ভক্তদের সচেতনতামূলক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে অ্যারন পল সম্পূর্ণ সুস্থ আছেন এবং মৃত্যুর খবরটি স্রেফ গুজব। জন্মদিনের কিছু ভুল টেমপ্লেটই এই ঝামেলার মূল কারণ ছিল। তবে এই অদ্ভুত ঘটনা নিয়ে অ্যারন পল নিজে এখনো কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, অ্যারন পলকে সর্বশেষ ২০২৫ সালের মার্চে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাশ’ সিনেমায় দেখা গেছে। সামনে তাকে ‘ফলআউট’ সিরিজের তৃতীয় মৌসুম ছাড়াও ‘অ্যানিথিং বাট ঘোস্টস’, ‘ক্লেফেস’ এবং ‘বিয়ার কান্ট্রি’র মতো আলোচিত প্রজেক্টগুলোতে দেখা যেতে পারে।


