

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান ওই গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে গ্রামের একটি ফুটবল ম্যাচ চলাকালে ইলিয়াস খানের সঙ্গে স্থানীয় যুবক রাসেলের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে কালিঞ্জা বাজার এলাকায় রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ইলিয়াসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
আহত ইলিয়াসকে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
ঘটনার পর থেকেই অভিযুক্ত রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।