

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীর পুঠিয়ায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ ঝরেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় পুঠিয়া তাহেরপুর আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিমতলা বাজার এলাকায় শ্যালো মেশিনচালিত নছিমন ও বালুবোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন।
অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় নছিমন চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সাধনপুর থেকে পুঠিয়াগামী একটি মুরগি বোঝাই নছিমনের সঙ্গে পুঠিয়া থেকে তাহেরপুরগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের (কুষ্টিয়া ট–১১–০২১৬) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নছিমনের উপর থাকা শ্রমিক নাইম (২০) ও হামিম (২৫) এবং চালক মোঃ সোহেল (৩৮) রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক নাইম ও হামিমকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজনই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা।
আহত নছিমন চালক মোঃ সোহেল প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। দুর্ঘটনার পর ড্রাম ট্রাক চালক মোঃ মিন্টু (৪০) ও তার সহকারী মোঃ স্বাধীন আলী (২২) পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।
পরে পুলিশ তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ট্রাকের হেলপার মোঃ স্বাধীন আলীকে আহত অবস্থায় ভর্তি করা হয়। ট্রাক চালক মোঃ মিন্টুকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। দেড় লাখ টাকার মতো মুরগি ছিল। অনেক বড় ক্ষতি হয়ে গেছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুরগি বহনকারী নছিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আরও একজন গুরুতর আহত হয়েছেন। এখনো মামলা হয়নি, স্বজনরা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনায় আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন