বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পেঁয়াজের ট্রাক উল্টে আহত ৪

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম
রাজবাড়ীতে পথচারীকে বাঁচাতে গিয়ে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে আহত ৪
expand
রাজবাড়ীতে পথচারীকে বাঁচাতে গিয়ে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে আহত ৪

রাজবাড়ীর পাংশা উপজেলায় পথচারীকে বাঁচাতে গিয়ে পেঁয়াজবোঝাই একটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে গেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাংশা মৈশালা চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পাংশা পৌর শহরের মৈশালা বড়গাছি এলাকার মৃত আকবর মণ্ডলের ছেলে পথচারী নুরুল মণ্ডল (৭৬), ট্রাকচালক মেহেরপুর জেলার গাংনী থানার পুরাতন মকপুরা গ্রামের বাসিন্দা কাওসার হোসেনের ছেলে শাকিল হোসেন (৩৫), চালকের ছোট ভাই ও হেলপার আমিন হোসেন (৩০), এবং ট্রাকে করে ঢাকাগামী যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে সেলিম রেজা (৫৫)।

আহতদের মধ্যে পথচারী নুরুল মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চালকসহ অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।

প্রত্যক্ষদর্শী ও চালক সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ফেনীগামী পেঁয়াজবোঝাই ঢাকা মেট্রো-ড ১৪-৫৮৮২ নম্বরের একটি ট্রাক রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার সময় চালক, হেলপার ও এক যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। একই সঙ্গে ওই পথচারীও ট্রাকের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ মিনিট চেষ্টার পর গাড়ির ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন। একই সঙ্গে অন্যান্য আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X