

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পাংশা থানাধীন কসবামাজাইল ইউনিয়নের নটা ভাঙ্গা গ্রামে পানিতে ডুবে হোসাইন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হোসাইন ওই গ্রামের রনি মন্ডল ও খাদিজা বেগম দম্পতির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে কোনো এক সময় শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তার মা খাদিজা বেগম গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন দুপুর ১২টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চারচিলকা গ্রামে পানিতে ডুবে সোহান (২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের অগোচরে সোহান বাড়ির পাশের পানিতে পড়ে যায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শিশুদের প্রতি মুহূর্তে নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বাড়ির পাশেই পুকুর বা জলাশয় থাকায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
