

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ শুধু একটি স্লোগান নয়, এটি একটি দর্শন—তারেক রহমানের দেশপ্রেমের দর্শন। আমাদের হাতে কোনো জাদুর কাঠি নেই, আলাদিনের চেরাগও নেই। তবে মানুষের উন্নয়নের জন্য আমাদের আছে সদিচ্ছা। বিএনপি সরকার গঠন করলে দেশকে ৫০ বছরে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে। বিএনপি গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা বিএনপির আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নওশাদ জমির আরও বলেন, ‘২০২৬ সালের এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেও গণতান্ত্রিক সরকার প্রয়োজন। তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, শিক্ষিত বেকারদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে এবং সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বন্ধ হয়ে যাওয়া চিনিকলটি চালু করা হবে। পঞ্চগড়ে শিক্ষার মান উন্নয়নের জন্য একটি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলা হবে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মান উন্নয়ন করা হবে এবং পঞ্চগড়কে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, ‘তরুণদের ভবিষ্যৎ সুগঠনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হবে। একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে, যেখানে তারা জ্ঞান অর্জনের সুযোগ পাবে। শ্রমিকদের জন্য গার্মেন্টস শিল্প স্থাপন করা হবে। আমাদের সদিচ্ছা দিয়েই বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। পঞ্চগড়ের পাথর ও চা-শ্রমিকদের জন্য কাজ করব। পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করা হবে।’
পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি, যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রিনা পারভীন, পঞ্চগড়-১ আসনের নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহাম্মদ নওফেল জমির, ব্যারিস্টার আশিক রহমান, পঞ্চগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট এম. এ. বারী, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, জেলা মহিলা দলের সভাপতি আঞ্জুমান আরা মুক্তি, বাংলাদেশ ওলামায়ে ইসলামের জেলা আমির মাওলানা মনিরুজ্জামান এবং বাংলাদেশ গণসংহতি আন্দোলনের জেলা সভাপতি সাজেদুর রহমান সাজু।
মন্তব্য করুন