মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম
মাটি উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান
expand
মাটি উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর নদী রক্ষা বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন।

অভিযানে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ এক যুবককে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, সোমবার (৮ মার্চ) দিবাগত মধ্যরাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে মাটি উত্তোলনের সাথে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মাটি পরিবহনের সময় ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস হিরো ইটভাটার সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (২০) নামের এক যুবককে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে সাকিব রানা জানান, তিনি সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর স্পার বাঁধ এলাকা থেকে পদ্মা নদীর মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকস হিরো ইটভাটায় নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এতে মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হককে ১ লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। তিনি জানান, পদ্মা নদী ও স্পার বাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন