

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ কর্মসূচির আওতায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দুটি গুরুত্বপূর্ণ খাল খননের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ডাটাবেজে প্রকল্পের তথ্য প্রেরণ করেছে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা। প্রকল্পটি অনুমোদন পেলে উপজেলার দুটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা যায়, উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের সরালিয়া নদীর কালভার্ট থেকে ইকরাম সবুজ সংঘ প্রকল্প এলাকা হয়ে হাজী আলফু চৌধুরীর জমি পর্যন্ত একটি খাল খননের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের মদনমুরত এলাকায় ভিপি কামাল মিয়ার বাড়ির সামনের অংশ থেকে লড়িছুড়া বিলের বাঁধ পর্যন্ত আরেকটি খাল খননের প্রস্তাবও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি অনুমোদন পেলে টিআর, কাবিখা-কাবিটা ও ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন ও পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হতে পারে।
স্থানীয় কৃষকদের মতে, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষি জমিতে সময়মতো সেচ দেওয়া সম্ভব হয় না। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে অনেক সময় কৃষি জমি ও বসতবাড়ি প্লাবিত হয়। খালগুলো খনন করা হলে কৃষি উৎপাদন বাড়বে এবং এলাকাবাসী জলাবদ্ধতার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, কৃষকদের স্বার্থ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দুটি খাল খননের তথ্য ইতোমধ্যে ডাটাবেজে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই দ্রুত খনন কার্যক্রম শুরু করা হবে।
মন্তব্য করুন