শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত আখের রস বের করার যন্ত্রের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেমি আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের আলশিয়া কৃষ্টপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জেমি আক্তার ওই গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে বাড়িতে থাকা আখের রস বের করার যন্ত্রটির চার্জার খুলতে যান জেমি। সে সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, ‘সকালে পরিবারের লোকজন ওই গৃহবধূকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজি করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার হাতের আঙুলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কালো দাগ পাওয়া গেছে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জার খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন