

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাজারে সারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেছেন, প্রয়োজন হলে সিভিল পোশাকে নজরদারি চালিয়ে প্রমাণ সংগ্রহ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (১৮ এপ্রিল) বুড়িচং উপজেলা-র ময়নামতি ইউনিয়ন এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা সরকারের অগ্রাধিকার। কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, সে জন্য সরকার ধান ক্রয়ের মূল্য নির্ধারণ করেছে। উৎপাদন ব্যয় বিবেচনায় নিয়েই এই মূল্য ঠিক করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রাক-পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের ১০ জেলার ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তাও দেওয়া হয়েছে। ধাপে ধাপে সব কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হবে। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকেরা সরাসরি কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
মন্ত্রী বলেন, বাজারে বিভিন্ন সিন্ডিকেটের কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সার, বীজ ও কীটনাশকের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এসব অনিয়ম বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
এ সময় তিনি নিমসার সবজি বাজার এলাকায় একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণের ঘোষণা দেন। এতে কৃষকেরা পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসুফ মোল্লা টিপু। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন