রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাসিক নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি সভা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম
রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি সভা
expand
রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি সভা

রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রশাসক নিয়োগ করেছে বিএনপি সরকার। তবে আগেই দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থী হিসেবে প্রস্তুতি শুরু করেছেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি আনুষ্ঠানিকভাবে শনিবার ‘মাঠ থেকে ম্যান্ডেট’ স্লোগানে নিজের প্রচারণার কাজও শুরু করেছেন।

এ দিন বিকেল ৫টায় নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা করে মহানগর এনসিপি। সভায় এনসিপির মেয়র প্রার্থী মোবাশ্বের আলী বলেন, ‘এবারের নির্বাচন আর দুর্নীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে প্রভাবিত করা যাবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে এনসিপি কাজ করছে।’

তিনি বলেন, আজ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামলেন। জনগণের অধিকার নিশ্চিত করতে এনসিপি মাঠে সক্রিয় রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সিটি নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কোনোভাবেই যাতে বিতর্কিত নির্বাচন না হয়, সেটি নিশ্চিত করতে সরকারের প্রতিও আহ্বান জানান এই এনসিপি নেতা।

মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, জাতীয় শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক রমজান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের হোসেন, যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম। মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের মতামত অগ্রাহ্য করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে জনগণই তার জবাব দেবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন