

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জ্বালানি তেল সরবরাহের টোকেন বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে টোকেন বিতরণে এই অনিয়মের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, টোকেন বিতরণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টোকেন পাচ্ছেন না, আবার কেউ পাচ্ছেন মাত্র একটি টোকেন। অন্যদিকে প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিদের মধ্যে একাধিক, এমনকি ২০টি পর্যন্ত টোকেন বিতরণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টোকেন বিতরণের দায়িত্বে ট্যাগ অফিসার হিসেবে কৃষি অফিসার ফেরদৌসের নাম থাকলেও বাস্তবে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জাহিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, পরিচিতজন ও স্বজনদের অগ্রাধিকার দিয়ে টোকেন দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, “এভাবে অনিয়ম ও পক্ষপাতিত্বের মাধ্যমে টোকেন বিতরণ চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।” তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে টোকেন বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন