

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে এক ব্যক্তি একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে গেলে সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, গরু চুরির সন্দেহে শ্রমিকরা ওই ব্যক্তিকে আটক করার পর স্থানীয় লোকজন এসে তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। উদ্ধার করা গরুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুর মালিকের পরিচয় জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন