শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের একক উদ্যোগে মাসব্যাপী ইফতার, খুশি ছিন্নমূল ও পথচারীরা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:২১ এএম
টাঙ্গাইলের একক উদ্যোগে মাসব্যাপী ইফতার
expand
টাঙ্গাইলের একক উদ্যোগে মাসব্যাপী ইফতার

পবিত্র রমজান মাসজুড়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল এলাকায় অসহায় ও পথচারী মানুষের জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করেছেন স্থানীয় ব্যবসায়ী বাদল মিয়া। তার এই মানবিক উদ্যোগে প্রতিদিন শতাধিক মানুষ একসঙ্গে ইফতার করার সুযোগ পাচ্ছেন।

জানা যায়, রমজানের শুরু থেকেই কাশিল বাজারে বাদল মিয়ার অফিসে প্রতিদিন বিকেলে ইফতার সামগ্রী নিয়ে হাজির হন বাদল মিয়া ও তার স্বেচ্ছাসেবীরা। সেখানে ছিন্নমূল মানুষ, শ্রমজীবী, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতারে অংশ নেন।

স্থানীয়রা জানান, ইফতারে ছোলা, মুড়ি, খেজুর, ফল, জিলাপি ও পানি দেওয়া হয়। অনেকের জন্য এটি রমজানে নিয়মিত ইফতার পাওয়ার একটি বড় সহায়তা হয়ে উঠেছে।

ইফতারে অংশ নেওয়া রিকশাচালক আব্দুল করিম বলেন, “সারাদিন রিকশা চালিয়ে অনেক সময় ঠিকমতো ইফতার জোটে না। বাদল ভাইয়ের এই আয়োজন আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক বড় সহায়তা।”

আরেক অংশগ্রহণকারী পথচারী রহিমা বেগম বলেন, “আমি কাজের খোঁজে সখিপুর থেকে শহরে আসি। বাড়ি ফেরার সময় অনেক সময় ইফতার কেনার সামর্থ্য থাকে না। এখানে এসে সবার সঙ্গে ইফতার করতে পারি, খুব ভালো লাগে।”

স্থানীয় যুবক সাইফুল ইসলাম বলেন, “বাদল ভাই শুধু ব্যবসা করেন না, মানুষের পাশে দাঁড়ান। রমজানজুড়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

সেন্টু মিয়া একজন বলেন,প্রতিবছর এই আয়োজন করে বাদল মিয়া, আমরা এলাকার অসহায় পরিবারদের বলবো এখানে এসে ইফতার করার জন্য।

উদ্যোক্তা বাদল মিয়া বলেন, “রমজান মাসে অসহায় মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করার ইচ্ছা থেকেই এই আয়োজন করেছি। যতদিন পারি মানুষের পাশে থাকতে চাই। বিগত সময়ে যেমন করেছি আগামীতেও করবো। প্রতিদিন প্রায় ২ শত থেকে ২৫০ জন আসে ইফতার করার জন্য।

এদিকে এলাকাবাসী মনে করছেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন