শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেয়নি বিএনপি নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:৫৪ এএম
বিএনপি নেতা মো. জীবন মিয়া
expand
বিএনপি নেতা মো. জীবন মিয়া

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামে দানের গরু কিনেও প্রায় এক বছর ধরে টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা মো. জীবন মিয়ার (২৮) বিরুদ্ধে। নিলামে ৫৫ হাজার টাকায় গরু কিনলেও এখনো সেই অর্থ পরিশোধ করেননি বলে জানিয়েছে মসজিদ প্রশাসন।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তারা জানান, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে দানের একটি গরু ৫৫ হাজার টাকায় কিনে নেন জীবন মিয়া। নিলামের নিয়ম অনুযায়ী ক্রেতাকে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি সে সময় কোনো টাকা দেননি। পরে একাধিকবার তাগাদা দেওয়া হলেও প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো ওই টাকা পরিশোধ করেননি তিনি।

মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, নিলামের গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু টাকা পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এখানে চাকরি করি, তাই নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। কিছু বলতে গেলেই হুমকি-ধমকি দেওয়া হয়।

তবে পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিষয়টি তার জানা নেই। কেউ তাকে এ বিষয়ে অবহিত করেননি। তিনি বলেন, নিলামের গরু বাকিতে বিক্রি হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জীবন মিয়া নিজেকে কিশোরগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করলেও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক জানান, ওই ওয়ার্ডে বিএনপির কোনো কমিটিই নেই। কেউ যদি পদ ব্যবহার করে থাকে, সেটি সম্পূর্ণ অসাংগঠনিক।

এদিকে বৃহস্পতিবার বিকেলে পাগলা মসজিদে দানের মালামাল নিলামে বিক্রি করার সময় জীবন মিয়ার নেতৃত্বে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু গুরুতর আহত হন।

এ ঘটনায় আহত সাংবাদিক পিংকু বাদী হয়ে একই দিন রাতে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মো. জীবন মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি জীবন মিয়া ও মনা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, পাগলা মসজিদের নিলাম কার্যক্রম ঘিরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। বিষয়টি তদন্ত করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন