

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপরে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ফিলিং স্টেশনে খোলা ডিজেল বিক্রি বন্ধ রাখার তদারকি করছে বিজিবি। এতে বোরো মৌসুমে সেচের জন্য ডিজেল সংগ্রহে চরম বিপাকে পড়েছেন উপজেলার কৃষকেরা। ফলে সেচ সংকটে ধান ও সবজির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে বিজিবি মাধবপুর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে গিয়ে খোলা ডিজেল বিক্রি না করার জন্য নির্দেশনা দিচ্ছে। এর ফলে বোতল বা জার নিয়ে ডিজেল কিনে সেচযন্ত্র চালানো কৃষকদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।
বর্তমানে মাঠে বোরো ধানের চাষাবাদ চলছে। পাশাপাশি শসা, টমেটোসহ বিভিন্ন সবজির ক্ষেতেও নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু খোলা ডিজেল বিক্রি বন্ধ থাকায় অনেক কৃষক সেচযন্ত্র চালাতে পারছেন না। এতে করে সময়মতো জমিতে পানি দিতে না পারলে ধান ও সবজির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।
উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কৃষক কালাম মিয়া বলেন, “আমরা সাধারণত ফিলিং স্টেশন থেকে বোতল বা পাত্রে করে ডিজেল কিনে সেচ মেশিন চালাই। কিন্তু হঠাৎ করে খোলা ডিজেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছি। দ্রুত সেচের ব্যবস্থা করতে না পারলে মাঠের বোরো ধান ও সবজি মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
এ অবস্থায় কৃষকেরা কৃষি সেচের জন্য বিশেষ ব্যবস্থায় ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন, যাতে সময়মতো সেচ দিয়ে ফসল রক্ষা করা যায়।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কৃষকদের প্রয়োজনীয় তেল সরবরাহে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন