

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে সচেতনতা বাড়ানো গেলে বর্তমানে সরবরাহকৃত বিদ্যুতের অন্তত ১৫ শতাংশ সাশ্রয় করা সম্ভব বলে মত দিয়েছেন ব্যবসায়ী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় এখন থেকেই বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চেম্বার কার্যালয়ে আয়োজিত ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদকে সামনে রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনে করা আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। এছাড়া রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সাইনবোর্ড বন্ধ রাখতে হবে এবং দোকান বা শোরুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বৈদ্যুতিক বাল্বের ব্যবহার অন্তত ৫০ শতাংশ কমাতে হবে।
সভায় বক্তারা বলেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করলে ঈদের আগে সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে তাদের সহযোগিতা নেওয়া হবে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে শহরে মাইকিং করা হবে এবং দোকানপাটে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে ছোট নোটিস টানানো হবে।
আলোচনায় আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সংকট দেখা দিতে পারে। বাংলাদেশে মজুদ তেল সীমিত হওয়ায় পরিস্থিতি দীর্ঘ হলে বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়তে পারে। তাই এখন থেকেই জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়ার বিকল্প নেই।
সভায় বক্তারা আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগ যশোর থেকেই শুরু হোক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী এলাকা হিসেবে এখানকার মানুষ বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন—এমন বার্তা দেশবাসীর কাছে পৌঁছানো প্রয়োজন।
সভায় বক্তব্য দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন ও চেম্বারের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু।
সভা পরিচালনা করেন যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।
সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো নিরাপত্তা সংকট তৈরি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। প্রয়োজনে ব্যবসায়ীদের ছোট ছোট টিম গঠন করে নিরাপত্তা ব্যবস্থাও তদারকি করা হবে।
মন্তব্য করুন