

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দুবাইয়ে সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, সরকারি খাতে সাড়ে ৫ ঘণ্টা অফিস করতে হবে। সোমবার থেকে বৃহস্পতিবার সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এছাড়া সরকারি খাতের প্রতিষ্ঠানগুলো চাইলে সকাল শিফটে নমনীয় কর্মঘণ্টা চালু করতে পারবে। এর আওতায় কর্মীরা সকাল ৭টা থেকে ১০টার মধ্যে যেকোনো সময় অফিসে যোগ দিতে পারবেন, তবে নির্ধারিত মোট কর্মঘণ্টা পূরণ করতে হবে।
যাদের কাজ অফিসে সরাসরি উপস্থিত না থাকলেও করা যায় বা দূরবর্তী বাসা রয়েছে। তাদের জন্য বাসা থেকে কাজের সুযোগও রাখা হয়েছে। তবে সপ্তাহে তারা সর্বোচ্চ দুই দিন অফিসের বাইরে থেকে কাজ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব কর্মী শিফটভিত্তিক দায়িত্বে নিয়োজিত অথবা জনসেবা ও স্থাপনা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তাদের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো নিজস্ব প্রয়োজন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করবে, যাতে সেবার মান বজায় থাকে এবং কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়।
দুবাই গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট জানিয়েছে, কর্মীদের ও তাদের পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে নমনীয় কর্মনীতি চালুর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইভাবে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সরকারও রমজান মাসে কর্মীদের জন্য অনুরূপ কর্মঘণ্টা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো অনুমোদিত নমনীয় কর্মনীতি অনুসরণ করতে পারবে অথবা শুক্রবার কর্মীদের দূরবর্তীভাবে কাজ করার সুযোগ দিতে পারবে। তবে এ সুবিধা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট কর্মীর সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত সীমিত থাকবে।
মন্তব্য করুন

