

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ বছর আগে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেয়েছিল নেপাল। এরপর একাধিক আসরে অংশগ্রহণ করলেও জয়ের দেখা পায়নি দলটি। এবার সেই অপেক্ষা ফুরিয়েছে।
চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। আফগানদের বিপক্ষে জয়টা ছিল প্রথম পর্বে। টুর্নামেন্টের মূল পর্বে বিশ্বকাপের ম্যাচে তাই নেপালিদের প্রথম জয় এটিই।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। আগে ব্যাট করতে নেমে জর্জ মানসি এবং মাইকেল জোনসের ব্যাটে ভরে ভালো শুরু পায় স্কটল্যান্ড।
দু’জনের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫২ রান তোলে স্কটল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও এগিয়েছে এই দুই ব্যাটার। ওপেনিং জুটিতে রান এসেছে ৮০। ২৯ বলে ২৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান মানসি।
এরপর জোনসের সাথে যোগ দেন ব্রেন্ডন ম্যাকমুলেন। দলের ১৩২ রানের মাথাতে ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন জোনস। একই ওভারে ফিরেছেন ম্যাকমুলেনও। ১৯ বলে ২৫ রান করে বিদায় নেন তিনি।
এই দুই ব্যাটারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা। ফলে রানের গতিও কিছুটা কমে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ দাঁড় করায় স্কটল্যান্ড।
নেপালের হয়ে ৩ উইকেট নেন সোমপাল কামি। ২ উইকেট নিয়েছেন নন্দন যাদব। ১টি করে উইকেট শিকার করেন রোহিত পাউডেল এবং কুশল ভুরটেল।
জবাব দিতে নেমে দুই ওপেনার আসিফ শেখ এবং কুশল ভুরটেলের ব্যাটে ভর করে এগিয়েছে নেপালের ইনিংস। দারুণ শুরু পায় নেপাল। আগ্রাসী ব্যাটিংয়ে ছুটেছে নেপাল। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৬ রান তোলে নেপাল।
ওপেনিং জুটিতে রান এসেছে ৭৪। কুশল ভুরটেল ফিফটির কাছাকাছি গিয়েও ফিফটি ছুঁতে পারেননি। ৩৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে বিদায় নেন কুশল। আসিফ সাজঘরে ফিরেছেন এক ওভার পরে। ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে দলের ৮৭ রানের মাথাতে সাজঘরে ফিরে যান আসিফ।
এরপর ক্রিজে থিতু হতে পারেননি তিনে নামা রোহিত পাউডেল। ১৪ বলে ১৬ রান করে দলের ৯৮ রানের মাথাতে বিদায় নেন তিনি। এরপর ক্রিজে জুটি বাঁধেন দীপেন্দ্র সিং আইরে এবং গুলশান ঝা। ক্রিজে দারুণভাবে জমে যান দুজন। তাদের কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে ছুটেছে নেপালের ইনিংস।
শেষ দিকে ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়েছেন আইরে। গুলশানও ছন্দে ছিলেন। মারমুখি ব্যাটিংয়ে ফিফটির দিকে ছুটেছেন আইরে। দলকেও নিয়ে গেছেন জয়ের খুব কাছে। একদম শেষ ওভারে গিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে নেপাল। ৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে নেপাল। মাত্র ২৩ বলে ৫০ রান করে ক্রিজে টিকে ছিলেন আইরে। ১৭ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন গুলশান।
স্কটল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মাইকেল লিস্ক।
মন্তব্য করুন

