

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জয়পুরহাট জেলায় দীর্ঘ ২০ বছর পর আবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেলেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
মন্ত্রিপরিষদ আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ পাঠ করান। মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আব্দুল বারীর এ দায়িত্বপ্রাপ্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়–এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী আব্দুল আলীম এর পর থেকে প্রায় ২০ বছর পর আবার জয়পুরহাট জেলা থেকে মন্ত্রিসভার সদস্য হিসেবে যোগ দিলেন আব্দুল বারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের ১৫০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম রাশেদুল আলম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট। এ আসনে মোট ভোটের হার ছিল ৭৩.৪৩ শতাংশ।
নবনিযুক্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “দল ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে কাজ করব। জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের প্রশাসনিক ব্যবস্থার মূলভিত্তি-এখানে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “জয়পুরহাট-২ আসনের জনগণ আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, তা দায়িত্ব ও কর্মের মাধ্যমে প্রতিদান দিতে চাই। প্রশাসনিক সেবা যেন গ্রামপর্যায়ে সহজ ও দ্রুত পৌঁছে যায়, সে লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।”
নতুন প্রতিমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বগ্রহণের মাধ্যমে জয়পুরহাট-২ আসনের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
