রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইনকে বৃদ্ধাঙ্গুলি: সতর্কতার পরও দখল, বিতর্কে স্থানীয় বিএনপি নেতা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুলের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব সরওয়ার আক্তার ওরফে ‘ফটোস্ট্যাট সরওয়ার’ এবং হাজী শামসুল ইসলাম ওরফে ‘হুন্ডি শমসু’-এর নেতৃত্বে সংঘবদ্ধভাবে এই দখলচেষ্টা চালানো হয়।

শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার বটতলী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ভোরে ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে দীর্ঘ ৫০ বছর ধরে দখলে থাকা জমির ওপর নির্মিত দোকানঘর ভেঙে ফেলে এবং সেখানে টিন দিয়ে ঘেরাও দেয়। এতে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে পড়ে যান।

ঘটনাস্থলে গেলে সাবেক চেয়ারম্যানের স্ত্রী নূর আয়েশা চৌধুরী ও তার বড় ভাইয়ের স্ত্রী নিলুফা ইয়াছমিনের সঙ্গে দখলকারীরা দুর্ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগও তোলা হয়েছে।

নূর আয়েশা চৌধুরী বলেন, আমার স্বামী ও তার বড় ভাইয়ের নামে খতিয়ানভুক্ত এই জায়গা আমরা প্রায় ৫০ বছর ধরে ভোগদখলে রেখেছি। এখানে ফুলের দোকান ও কলার আড়ৎ ছিল, যা ২০০০ সাল থেকে ভাড়া দেওয়া হয়েছে। এতদিন কেউ কোনো দাবি করেনি। কিন্তু গত আগস্টের পর থেকে শমসু নামের এক ব্যক্তি জোর করে জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, সেনাবাহিনী বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের ডেকে সতর্ক করেছিল। স্পষ্টভাবে বলা হয়েছিল আদালতের মাধ্যমে মালিকানা প্রমাণ ছাড়া জমিতে প্রবেশ করা যাবে না। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ভোরে দখল কার্যক্রম চালানো হয়।”

ভুক্তভোগীর দাবি, ৯৯৯-এ কল করে পুলিশ ডাকা হলেও তাদের ভূমিকা ছিল ‘রহস্যজনক’। পুলিশের উপস্থিতিতেই দখল ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে নিলুফা ইয়াছমিন বলেন, আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। পুলিশের সামনেই দখলদাররা আমাদের জায়গা দখল করে নেয়।

অভিযুক্ত হাজি শামসুল ইসলাম জানান,জায়গাটি আমার নিজ নামীয় জায়গা,সেটি একটি এতিমখানায় দান করেছি।এতবছর দখল করতে পারিনি তাই আজ দখল করলাম।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে এবং ভূমি সংক্রান্ত বিরোধ আইনি প্রক্রিয়ায় সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন