

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটে শরণখোলা রেঞ্জের কচিখালীর ডিমেরচর এলাকায় অভিযান চালিয়ে ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে এ অভিযান পরিচালনা করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, টহলের সময় বনের মধ্যে পাতা মালা ফাঁদ দেখতে পান বনরক্ষীরা। পরে তল্লাশি চালিয়ে ছগির খান নামে এক শিকারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৪ হাজার ফুট মালা ফাঁদ, মাংস পরিমাপের দাঁড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিক বস্তা, চাল-ডালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান চলাকালে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও ৫ জন শিকারী পালিয়ে যায় বলে জানা গেছে। আটক ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রুস্তম আলী খানের ছেলে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, আটক শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রবিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন