

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ২০টি জেলার ৩০টি স্থানকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে বরগুনা জেলার সদর উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করেছে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে জেলার সদর উপজেলায় আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে জরুরিভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
এদিকে জেলায় হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা যায় ৩শিশু। এরমধ্যে বরগুনা সদর উপজেলার ২জন ও পাথরঘাটার ১জন শিশু।
বরগুনা ২৫০ সয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, আজ শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত সন্দেহ জনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১০ জন। হাসপাতালে ভর্তি ১৪৯ জনের মধ্যে ২৪ জনের শরীরে হাম ও ১ জনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে এবং ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
সঙ্কট মোকাবিলায় জেলা সদরসহ আমতলী, পাথরঘাটা ও বামনা ও বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় বর্তমানে ৩০টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে কতৃপক্ষ।
বরগুনা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মেহেদী পারভেজ বলেন, গত মাসের মাঝামাঝি থেকে জেলায় হামের এই প্রকোপ দেখা দিয়েছে এবং প্রতিদিন বহির্বিভাগে গড়ে ২০ জন রোগী হামের সন্দেহ জনক উপসর্গ নিয়ে আসছেন। গুরুতর রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনা সদরকে হামের অতি ঝুকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। আগামীকাল থেকে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে। সঙ্কটাপন্ন পরিস্থিতি এড়াতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছি৷ আশাকরছি ডেঙ্গির মত হাম প্রাদুর্ভাবকেও আমরা রুখতে পারবো।
শিশুর উচ্চ জ্বর, সর্দি বা কাশি হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। সঠিক চিকিৎসা ও আইসোলেশন নিশ্চিত করা গেলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছর ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির কারণে বরগুনা জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে। একই বছর জুন মাস নাগাদ দেশের মোট ডেঙ্গু রোগীর একটি বড় অংশ, এমনকি কোনো কোনো সময় অর্ধেকের বেশি রোগী এই জেলায় শনাক্ত হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই এবার হামের হটস্পট ঘোষণা করা হয় জেলাকে।
মন্তব্য করুন