

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বিচারব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে ‘LexGlobal BD’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। আইনি সেবাকে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে তৈরি এই উদ্যোগ সাধারণ মানুষ, আইনজীবী ও শিক্ষার্থীদের জন্য সমন্বিত সমাধান হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
এই প্ল্যাটফর্মের উদ্ভাবক আথেরিওস ল্যাবসের প্রতিষ্ঠাতা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিদ আলম। রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই তরুণের নেতৃত্বে তৈরি প্ল্যাটফর্মটি চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ফিয়েস্টায় বিভিন্ন নামকরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে শীর্ষস্থান অর্জন করেন নাহিদ আলম। সেই অভিজ্ঞতা থেকেই বিচারব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ভাবনা তার মধ্যে জন্ম নেয়।
নাহিদ আলম বলেন, প্রযুক্তি কেবল জীবন সহজ করার মাধ্যম নয়, বরং এটি মানুষের অধিকার নিশ্চিত করার শক্তিশালী হাতিয়ার হতে পারে। দেশের সাধারণ মানুষ যাতে আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার ভোগান্তি থেকে মুক্তি পায়, সেই লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্ল্যাটফর্মটির মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা জরুরি পরিস্থিতিতে ‘SOS জেসচার’ ব্যবহার করে দ্রুত সাহায্য চাইতে পারবেন, যেখানে স্বয়ংক্রিয়ভাবে তাদের অবস্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় মামলার ধরন অনুযায়ী আইনজীবী খুঁজে পাওয়া, মামলা করার সম্ভাবনা বিশ্লেষণ এবং দালাল নির্ভরতা কমানোর সুবিধাও থাকবে।
আইনজীবীদের জন্য এতে যুক্ত করা হয়েছে ‘স্মার্ট ক্লায়েন্ট ম্যাচিং’ ও ‘ইনস্ট্যান্ট ড্রাফটিং’ সুবিধা, যার মাধ্যমে দ্রুত খসড়া তৈরি এবং মক্কেলের সঙ্গে সংযোগ স্থাপন সহজ হবে। অন্যদিকে শিক্ষার্থীদের জন্য রয়েছে ডিজিটাল লাইব্রেরি, যেখানে আইনের বিভিন্ন ধারা ও নথিপত্র সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এতে বাস্তব মামলার বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগও পাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এই ধরনের প্রযুক্তিনির্ভর সেবা চালু হলে সাধারণ মানুষ স্বল্প খরচে ও হয়রানিমুক্তভাবে আইনি সহায়তা পেতে সক্ষম হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ‘LexGlobal BD’ কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের বিচারসেবা খাতে ডিজিটাল রূপান্তরের একটি নতুন অধ্যায় সূচিত হতে পারে, যা ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।
মন্তব্য করুন