

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে সেই চিরচেনা উন্মাদনা। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা পরিবারের সবাই মিলে টিভির সামনে বসার প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে।
তবে এবার বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা আর শুধু টেলিভিশনের পর্দাতেই সীমাবদ্ধ থাকছে না। ঘরের বাইরে থাকলেও মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপে সহজেই উপভোগ করা যাবে প্রতিটি ম্যাচ, ফলে খেলা মিস হওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে।
দেশে এবারের বিশ্বকাপের সরাসরি সম্প্রচারের দায়িত্বে রয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন। ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়ে তারা দর্শকদের জন্য খেলা দেখার সুযোগ নিশ্চিত করেছে।
টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোও এবার বড় ভূমিকা রাখছে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসে লাইভ ম্যাচ দেখার সুবিধা পাওয়া যাবে বিভিন্ন ওটিটি সেবায়।
মোবাইল ব্যবহারকারীদের জন্য মাই রবি, টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপে বিশ্বকাপ দেখার সুযোগ থাকছে। এসব অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরের প্রতিটি মুহূর্ত দেখা যাবে।
এবারের সম্প্রচার স্বত্বের মূল্যও কম নয়। বিভিন্ন সূত্র অনুযায়ী, এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার বেশি।
