

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ এলেই আলোচনায় আসে কোন ক্লাব সবচেয়ে বেশি খেলোয়াড় পাঠাচ্ছে জাতীয় দলগুলোতে। ২০২৬ বিশ্বকাপের আগে সেই তালিকায় নতুন ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটি এবার ১৯ জন ফুটবলারকে বিশ্বকাপের মঞ্চে পাঠাচ্ছে, যা শুধু ইংল্যান্ড নয়, গোটা বিশ্বের ক্লাব ফুটবলেও নতুন ইতিহাস তৈরি করেছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে বিভিন্ন দেশের জার্সিতে দেখা যাবে সিটির তারকাদের। সবচেয়ে বেশি খেলোয়াড় ইংল্যান্ড দলে থাকলেও ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার একাধিক জাতীয় দলেও ছড়িয়ে আছে ক্লাবটির প্রতিনিধিত্ব।
ইংল্যান্ডের হয়ে খেলবেন গোলরক্ষক জেমস ট্রাফোর্ড, ডিফেন্ডার মার্ক গুহে, নিকো ও’রাইলি এবং জন স্টোনস। পর্তুগালের স্কোয়াডে জায়গা পেয়েছেন বার্নার্দো সিলভা, রুবেন ডিয়াজ ও ম্যাথুজ নুনেজ।
নেদারল্যান্ডসের হয়ে মাঠে নামবেন তিয়ানি রেইন্ডার্স ও নাথান আকে। আর ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করবেন মাতেও কোভাসিচ এবং ইয়াসকো গাভারদিওল।
এ ছাড়া নরওয়ের আর্লিং হল্যান্ড, ফ্রান্সের রায়ান চেরকি, স্পেনের রদ্রি, বেলজিয়ামের জেরেমি ডকু, মিসরের ওমর মারমুশ, আলজেরিয়ার রায়ান আত-নুরি, ঘানার আঁতোয়ান সেমেনিও এবং উজবেকিস্তানের আব্দুলকদির খুশানোভও বিশ্বকাপে সিটির প্রতিনিধিত্ব করবেন।
বিশ্বকাপে অন্তত ১০ জন খেলোয়াড় পাঠাচ্ছে এমন ক্লাব রয়েছে ১৮টি। তবে সিটির সঙ্গে ব্যবধানটা বেশ স্পষ্ট। ১৬ জন করে খেলোয়াড় নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। এরপর বার্সেলোনা ১৫ এবং আর্সেনাল ১৪ জন খেলোয়াড় নিয়ে অবস্থান করছে শীর্ষ পাঁচে।
বিশ্বকাপের ইতিহাসে ক্লাবভিত্তিক খেলোয়াড় সরবরাহের রেকর্ডও নতুন করে লিখেছে সিটি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে বার্সেলোনা ১৭ জন খেলোয়াড় পাঠিয়ে শীর্ষে ছিল। এবার ৪৮ দলের সম্প্রসারিত আসরে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে সিটি।
অবশ্য এমন দৃশ্য ম্যানচেস্টার সিটির জন্য একেবারে নতুন নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও ১৬ জন খেলোয়াড় নিয়ে ক্লাবভিত্তিক তালিকার শীর্ষে ছিল তারা। তবে এবার সেই সংখ্যাকে আরও বাড়িয়ে বিশ্ব ফুটবলে নিজেদের প্রভাবের নতুন প্রমাণ দিল ইংলিশ জায়ান্টরা।
চমক হিসেবে আছে সান্ডারল্যান্ডের নামও। ইংল্যান্ডের এই ক্লাবটি এবার ১০ জন ফুটবলারকে বিশ্বকাপে পাঠিয়ে বড় ক্লাবগুলোর পাশে জায়গা করে নিয়েছে।
