শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেয়ায় ডাব নিয়ে গেলেন ছাত্রদল নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
অভিযুক্ত আরমান হোসেন বাবু
expand
অভিযুক্ত আরমান হোসেন বাবু

চাহিদা মতো চাঁদার টাকা না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। তার নাম আরমান হোসেন বাবু। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। তবে গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। যা টাকার অঙ্কে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, বৃহস্পতিবার সকালে তিনি ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে, বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। তা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালায়। সেইসঙ্গে ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যায়।

এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির অভিযোগ, একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেয়ায় তার মালামালও হাতিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু আস্থাভাজন পরিচয় দিয়ে সেখানে নানা অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবুর সঙ্গে কথা বলতে চাইলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোনও মন্তব্য করেননি। পরবর্তীতে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X