মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে: শফিকুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
expand

গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে দেশের ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আমিরের বক্তব্য তুলে ধরে এ কথা জানান।

গোলাম পরওয়ার বলেন, আমির সমাজের জনদুর্ভোগসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট তৈরি হবে। এ ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামীর প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথাও তিনি তুলে ধরেছেন।

মতবিনিময়ে অংশ নেওয়া গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের অনেকে জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে ভিন্নমত পোষণকারীদের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন বলে জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘কোনো ভিন্নমত ছাড়াই গণভোটের রায় মেনে নেওয়া উচিত। তারা বলবে মেনে নেব, না হয় বলবে মেনে নেব না।’ এ বিষয়ে আমিরকে এমন পরামর্শ দিয়েছেন ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের অনেকে।

জনজীবনের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস এবং দলীয়করণের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বিদ্যমান পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত ও জাতীয় ঐকমত্য তৈরিতে ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এ বিষয়টিও আমির তুলে ধরেছেন।

বিরোধীদলীয় নেতা বলেছেন, সংবাদ পরিবেশন যেমন গণমাধ্যমের দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা রয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর জন্য কোনো ভালো পরামর্শ বা দলের কোনো ত্রুটি থাকলে তা খোলামেলাভাবে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বৈঠকে ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন শীর্ষ নির্বাহীরা। গোলাম পরওয়ার বলেন, তারা জানিয়েছেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, ইলেকট্রনিক মিডিয়ায় সেসব সুবিধা নেই। বেতন কাঠামো ও ওয়েজ বোর্ড নেই, কাঠামোগত অবস্থানও নেই। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়টিও তারা তুলে ধরেছেন।

এসব সমস্যা নিয়ে প্রক্রিয়াগতভাবে বিষয়গুলো তুলে ধরার পরামর্শ দিয়েছেন জামায়াতের আমির। তিনি আশ্বস্ত করেছেন, এসব বিষয়ে জামায়াতে ইসলামী ভূমিকা রাখবে।

গোলাম পরওয়ার আরও বলেন, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, অতীতের যেকোনো বিরোধী দলের তুলনায় জামায়াতের ভূমিকা বেশি গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।

জবাবে আমির আশ্বস্ত করেছেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে সব ভালো কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। একই সঙ্গে সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। তবে তা হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল।

তিনি বলেন, ‘আমরা রাজপথের সব আন্দোলনই ননভায়োলেন্ট করতে চাই।’ সাংবাদিকরা ভালো রাজনৈতিক কর্মসূচিরও পরামর্শ দিয়েছেন বলে জানান গোলাম পরওয়ার।

মতবিনিময় সভায় বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, এটিএন বাংলার হেড অব নিউজ মনিউর রহমান, এটিএন নিউজের সিইও/সিইই শহিদুল আজম, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজ, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ২৪-এর হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল২৪-এর নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলমসহ বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আব্দুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank