শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘মক্কা প্যাক্টে প্রস্তাব এলে জাতীয় স্বার্থ দেখবে বাংলাদেশ’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ।। ছবি: সংগৃহীত
expand

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে যুক্ত করার কোনো প্রস্তাব এলে তা সরাসরি গ্রহণ করবে না সরকার। প্রস্তাবটি বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং এতে দেশের মানুষের কী লাভ হবে, তা যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশ পায়নি। ভবিষ্যতে প্রস্তাব এলে সেটি পর্যালোচনা করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির আলোকে কোনো বহুপাক্ষিক উদ্যোগে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং সাধারণ মানুষের সম্ভাব্য সুবিধাকে গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে পর্যালোচনার পরই বাংলাদেশের অবস্থান জানানো হবে।

আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ও আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

আইপিইউর ৯৩টি দেশ সদস্য। বাংলাদেশও এই আন্তর্জাতিক সংসদীয় ফোরামের গুরুত্বপূর্ণ সদস্য বলে উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, আইপিইউ মহাসচিব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি নারী সংসদ সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। এর আগে জুলাই জাদুঘরও পরিদর্শন করেছেন তিনি।

বর্তমান সংসদে তুলনামূলকভাবে নতুন ও তরুণ সংসদ সদস্যদের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছেন আইপিইউ মহাসচিব—এমনটাই জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের সংসদ সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের দক্ষতা বাড়াতে আইপিইউর প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সরকার।

জেনেভায় আইপিইউর বিভিন্ন কর্মসূচিতেও বাংলাদেশের সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। শামা ওবায়েদের মতে, আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে বেশি যুক্ত হলে বাংলাদেশের সংসদ সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়বে। এর সুফল দেশের সংসদীয় গণতন্ত্রেও পড়বে।

তিনি বলেন, গণতন্ত্রের পাশাপাশি মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও জেন্ডার সমতার মতো বিষয়েও আইপিইউ কাজ করে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এসব ক্ষেত্রে সংস্থাটির সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ রয়েছে।

আগামী মাসে তানজানিয়ায় আইপিইউর সম্মেলনেও বাংলাদেশের স্পিকার ও সংসদ সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনসহ আইপিইউর বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

এদিকে বৈঠকে বাংলাদেশ ও আইপিইউর মধ্যে কোনো নতুন চুক্তি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে। পর্যটন ও বিমান মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কোনো চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank