রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যের জগৎ এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই: তথ্যমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০১:২৩ পিএম
বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির  বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
expand
বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বর্তমান যুগে তথ্যপ্রবাহকে আর কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আধুনিক তথ্যপ্রযুক্তির এই সময়ে সমন্বিত প্রয়াসের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (২৪ মে) রাজধানী ঢাকায় আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে বর্তমান সময়ের ‌‘ইনফরমেশন ইকোসিস্টেম’ বা তথ্য ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি জনসংযোগ কর্মকর্তাদের এই আধুনিক তথ্য ব্যবস্থা সম্পর্কে একদম পরিষ্কার ধারণা থাকতে হবে।

একই সঙ্গে সরকারের দেওয়া বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করাও তাদের অন্যতম দায়িত্ব।

ডিজিটাল মাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, প্রযুক্তির এই যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম বাদ দিয়ে আধুনিক জনসংযোগের কথা চিন্তাই করা যায় না। তাই এই পেশার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অবশ্যই প্রযুক্তিগত ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় দক্ষ হয়ে উঠতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, দেশের তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি দক্ষ ও আধুনিক জনসংযোগ টিম গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি।

তিনি বর্তমান পরিস্থিতিকে ‘পারসেপশন ম্যানেজমেন্ট’ বা দৃষ্টিভঙ্গি ব্যবস্থাপনার এক ধরনের লড়াই হিসেবে অভিহিত করেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি জনসংযোগ কর্মকর্তাদের ‘পাবলিক সাইকোগ্রাফি’ বা জনমানসের মনস্তত্ত্ব বোঝার ওপর জোর দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ ‘মিসইনফরমেশন’ (ভুল তথ্য) এবং ‘ডিসইনফরমেশন’ (অপতথ্য) নিয়ে কথা বলেন।

তিনি জানান, এই ধরনের ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সঠিক ব্যবহার দারুণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের কাজে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর।

তিনি আরও মনে করিয়ে দেন যে, সরকারের ইতিবাচক কাজগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের মূল দায়িত্ব। আর এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সরকারের বিভিন্ন অঙ্গীকার ও নির্বাচনী ইশতেহার সম্পর্কে কর্মকর্তাদের নিজেদের স্পষ্ট ধারণা থাকা আবশ্যক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন