শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিবিআইয়ের প্রতিবেদনে নারাজি, তানজিন তিশার মামলার শুনানি ২০ অক্টোবর

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন মামলার বাদীপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে বাদীপক্ষের হয়ে অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় রনি এ নারাজি আবেদন জমা দেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত মামলার বাদী ও তিন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর হাজির হতে বলেছেন। ওই দিন নারাজির বিষয়ে আরও শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে আদালতে মামলাটি করেন। পরে আদালত অভিযোগের তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা সেখান থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, শাড়িটি ফেরত চেয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হলেও শাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়।

এছাড়া ১০ নভেম্বর মেসেঞ্জারে ফোন করে মামলা করা এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়ার অভিযোগও করেন বাদী। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

পরে গত ২৫ মে পিবিআইয়ের পক্ষ থেকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধেই এবার নারাজি আবেদন করেছেন বাদীপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank