

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১০-এর বিচারকের খাস কামরায় ডেকে এক পুলিশ কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ঢাকা রেলওয়ে থানার এসআই মোহাম্মদ আলী।
অভিযোগে বলা হয়, গত ২৯ আগস্ট রেলওয়ে প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাগ তল্লাশি নিয়ে আদালতের এক কর্মচারীর সঙ্গে কর্তব্যরত পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কর্মচারী পুলিশ সদস্যদের তল্লাশির অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। পরে তাকে থানায় নেওয়া হলে তিনি নিজেকে আদালত-১০-এর কর্মচারী হিসেবে পরিচয় দেন।
পরে সংশ্লিষ্ট বিচারকের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হলেও থানা থেকে বের হওয়ার সময় ওই কর্মচারী ‘কোর্টে হলে দেখে নিতেন’ বলে হুমকি দেন বলে অভিযোগ করেন এসআই মোহাম্মদ আলী। বিষয়টি থানার সাধারণ ডায়েরিতেও লিপিবদ্ধ করা হয়।
এরপর মঙ্গলবার বিচারকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে খাস কামরায় ডেকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ন্যায়বিচার চেয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও পুলিশ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এসআই মোহাম্মদ আলী। পাশাপাশি প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

