শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান, নজরদারি নিয়ে প্রশ্ন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ এএম
ফাইল ছবি
expand

পাউরুটি উৎপাদনের সময় তাতে ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেছে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন (এমএইচআরজিএফ)। রিটকারীদের অভিযোগ, নিরাপদ খাদ্যের জন্য নিষেধাজ্ঞা থাকলেও পাউরুটি উৎপাদনে ক্ষতিকর এই রাসায়নিক ব্যবহারের ঝুঁকি এখনো রয়ে গেছে।

রোববার (২৫ জুলাই) জনস্বার্থে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের (এমএইচআরজিএফ) পক্ষে সংগঠনটির চেয়ারম্যান কবীর আলমগীর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।

রিটে পাউরুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজারজাতের সময় প্যাকেটের গায়ে ব্যবহৃত উপাদানের বিস্তারিত তথ্য এবং ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়নি’—এমন ঘোষণা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে খাদ্য সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং কয়েকটি বড় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটকারী সংগঠনের চেয়ারম্যান কবীর আলমগীর বলেন, সম্প্রতি গণমাধ্যমে পাউরুটিতে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে এমন উপাদান থাকার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই তথ্যের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার তথ্য যুক্ত করে রিটটি করা হয়েছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পটাশিয়াম ব্রোমেট নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, চীন, অস্ট্রেলিয়া ও ভারতসহ অনেক দেশে খাদ্যপণ্যে এর ব্যবহার অনুমোদিত নয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষও ২০২২ সালে খাদ্যপণ্যে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেটের ব্যবহার নিষিদ্ধ করেছে। এরপরও এর ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানান তিনি।

রিট আবেদনে বলা হয়েছে, অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। দেশে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের প্রকোপ বাড়ছে। এ অবস্থায় খাদ্য উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার বন্ধে কার্যকর নজরদারি প্রয়োজন।

রিটকারীর আইনজীবী সঞ্জয় মণ্ডল বলেন, খাদ্যের মাধ্যমে ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ ঠেকাতে এই আবেদন করা হয়েছে। তার মতে, ভোক্তার নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি জানান, চলতি সপ্তাহের যেকোনো দিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

এর আগে ২০২১ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় বাজারের পাউরুটিতে অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম ব্রোমেট ব্যবহারের তথ্য পাওয়া যায়।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ১৯টি পাউরুটির নমুনার মধ্যে ১৬টিতেই অতিরিক্ত মাত্রায় এই রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হয়েছিল। নমুনাগুলোতে পটাশিয়াম ব্রোমেটের মাত্রা ছিল ৩ দশমিক ৩১ থেকে ১২ দশমিক ৯১ পিপিএম পর্যন্ত।

পরীক্ষার ফলাফলের পর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রুটি, পাউরুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট এবং পটাশিয়াম আয়োডেট ব্যবহার বন্ধের নির্দেশ দেয়।

সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, পটাশিয়াম ব্রোমেট মানবদেহের জন্য ক্ষতিকর। এটি থাইরয়েডের সমস্যা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিকভাবে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত। দীর্ঘমেয়াদি সংস্পর্শে এটি জিনগত ক্ষতি ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এখন নতুন রিটের মাধ্যমে প্রশ্ন উঠেছে—নিষেধাজ্ঞার পরও খাদ্যপণ্যে এ ধরনের রাসায়নিকের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়েছে কি না এবং বাজারে থাকা পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তদারকি কতটা কার্যকর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank