

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পেটব্যথা অনেক কারণেই হতে পারে। তবে ব্যথা যদি হঠাৎ শুরু হয়ে ধীরে ধীরে তীব্র হয় এবং বিশেষ করে তলপেটের ডান দিকে গিয়ে স্থায়ী হয়, তাহলে অ্যাপেন্ডিসাইটিসের কথা ভাবতে হবে। সময়মতো চিকিৎসা না নিলে এই রোগ থেকে গুরুতর জটিলতা তৈরি হতে পারে।
অ্যাপেন্ডিক্স হলো বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত ছোট, সরু থলির মতো একটি অংশ। এটি সাধারণত তলপেটের ডান দিকে থাকে। এতে প্রদাহ হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়।
তবে সবার ক্ষেত্রে একই ধরনের লক্ষণ দেখা যায় না। শিশু, বয়স্ক ব্যক্তি বা গর্ভবতীদের ক্ষেত্রে ব্যথার ধরন কিছুটা ভিন্ন হতে পারে।
অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা দেরি হলে অ্যাপেন্ডিক্সে পুঁজ জমে ফোঁড়া তৈরি হতে পারে। গুরুতর অবস্থায় অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে পেটের ভেতরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এতে পেরিটোনাইটিস ও সেপসিসের মতো প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে।
হঠাৎ তীব্র বা বাড়তে থাকা পেটব্যথা, বিশেষ করে ডান তলপেটে ব্যথার সঙ্গে জ্বর বা বমি থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। নিজে থেকে ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক খেয়ে ব্যথা চাপা দেওয়ার চেষ্টা করা ঠিক নয়।
অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ হলে চিকিৎসক শারীরিক পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা, আলট্রাসনোগ্রাম বা সিটি স্ক্যান করতে পারেন।
অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ হলে ঘরোয়া চিকিৎসা বা অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে/জরুরি বিভাগে যোগাযোগ করুন। সময়মতো চিকিৎসা নিলে জটিলতার ঝুঁকি অনেকটাই কমানো যায়।



