বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখে আলোচিত আওয়ামীপন্থী অধ্যাপক হলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণামূলক বই লিখে আলোচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আওয়ামীপন্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ৪ বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়।

আওয়ামী লীগের সময়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী ওই বিশ্ববিদ্যালয়ের ডিন ও ভারপ্রাপ্ত ভিসির দায়িত্বও পালন করেছিলেন। সে সময় তার বিরুদ্ধে ওঠে ব্যাপক দুর্নীতির অভিযোগ। এবার প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে চলছে তুমুল সমালোচনা। শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন নীতিনির্ধারকের সম্মতিতেই আওয়ামীপন্থী এই অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।

মুজিববর্ষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। আওয়ামী লীগ সরকার ২০২০-২১ সালকে (১৭ই মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত) মুজিববর্ষ হিসেবে পালন করে। ২০২১ সালে অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে ‘ইসলাম ও মানবতার সেবায় বঙ্গবন্ধু’ শীর্ষক একটি গবেষণামূলক বই লিখেন। ২৮৭ পৃষ্ঠার এই বইয়ে অভিমত লিখেন তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (পরবর্তী শিক্ষামন্ত্রী হয়েছিলেন) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার।

আর বইটি উৎসর্গ করেছিলেন ‌‘বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবসহ আরও যাঁরা ১৫ই আগস্ট, ১৯৭৫ খ্রিষ্টাব্দে শাহাদতবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত এবং বিশ্ব-জননন্দিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতাপূর্ণ দীর্ঘ হায়াত কামনায়’।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী মূলত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঘনিষ্ঠ ছিলেন। নওফেলের মাধ্যমে তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন হয়েছিলেন।

বছর তিনেক এই দায়িত্ব পালন করার পর ২০২২ সালে বিশ্ববিদ্যালয়টি ভিসি হতেও লবিং-তদবির করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী। সে সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার তাকে ওই পদে নিয়োগ দিতে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডিও লেটারও পাঠিয়েছিলেন। সেখানে অধ্যাপক ড. শিরীণ আখতার তাকে ভিসি নিয়োগ দিতে শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন।

এদিকে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩-এর ১৩(১) ধারা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনের শর্তে বলা হয়, প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন; উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।

‘‘তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভিসি কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’’ জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন