শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক হলে সেহরি খেলেন নোবিপ্রবি উপাচার্য

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ এএম
শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক হলে সেহরি খেলেন নোবিপ্রবি উপাচার্য
expand
শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক হলে সেহরি খেলেন নোবিপ্রবি উপাচার্য

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আবাসিক হলে শিক্ষার্থীদের সঙ্গে সেহরি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে ভাষা শহিদ আব্দুস সালাম হলের ডাইনিং হলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসে সেহরি করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রমজানের শুরুতেই শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া এবং আবাসিক হলের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এ অনানুষ্ঠানিক সফরে যান। সেহরির সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পড়াশোনা, হলের খাবারের মান ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, প্রশাসন সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। রমজানে সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সেহরি ও ইফতার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ও হল প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, রমজান উপলক্ষে বিশেষ মেনু নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

হলের একাধিক শিক্ষার্থী বলেন, উপাচার্যের এমন উপস্থিতি ইতিবাচক বার্তা দিয়েছে। প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি সরাসরি এসে তাঁদের সঙ্গে সেহরি করায় তাঁরা আনন্দিত।

তবে ভিন্ন মতও আছে। কয়েকজন শিক্ষার্থী বলেন, উপাচার্যের এ ধরনের কর্মকাণ্ডকে কেউ কেউ ‘ইমেজ সংকট মোকাবিলার চেষ্টা’ হিসেবে দেখছেন। তাঁদের ভাষ্য, সাম্প্রতিক পরিস্থিতিতে প্রশাসনের গ্রহণযোগ্যতা বাড়াতেই এমন তৎপরতা দেখা যাচ্ছে।

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। তারা কী খাচ্ছে, কেমন আছে—তা দেখা আমার দায়িত্ব। তাই তাদের সঙ্গে বসে খেয়েছি। খাবারের মান ভালো ছিল। এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করি।’

তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, একাডেমিক অগ্রগতি ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা অব্যাহত থাকবে। পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে ইতিবাচক ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X