মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘হৃদয়ে ঢাকা ১৪১৬’ উপলক্ষে ডিএসসিসির উদ্যোগে ‘চিত্র প্রদর্শনী’ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ১৪১৬’ উৎসবের অংশ হিসেবে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নাগরিক জীবনের নানা দিক নিয়ে ‘চিত্র প্রদর্শনী’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। প্রদর্শনীটি ০৩ সেপ্টেম্বর থেকে ০৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে ঢাকার ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপনা, সংস্কৃতি, জনজীবন এবং সময়ের সঙ্গে পরিবর্তিত নগরচিত্রকে বিভিন্ন শিল্পীর চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, “ঢাকা শুধু একটি নগর নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এই শহরের প্রতিটি অলিগলি, স্থাপনা ও জনজীবনের সঙ্গে আমাদের ইতিহাসের নানা অধ্যায় জড়িয়ে আছে। চিত্রশিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সেই ঢাকা, সেই ইতিহাস ও ঐতিহ্যকে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরছেন।”

তিনি আরও বলেন, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ আয়োজনের অন্যতম লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা এবং নগরবাসীর মধ্যে নিজের শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করা। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নাগরিকদের পাশাপাশি আমাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

প্রশাসক বলেন, “চিত্র প্রদর্শনীর মতো সৃজনশীল আয়োজন ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করবে এবং শিল্প-সংস্কৃতির সঙ্গে নগরবাসীর সম্পৃক্ততা আরও বাড়াবে। আমি ঢাকাবাসী, শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও শিল্পানুরাগীদের এ প্রদর্শনী পরিদর্শনের আহ্বান জানাই।”

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’—এই ভাবনাকে ধারণ করে ‘হৃদয়ে ঢাকা ১৪১৬’ উৎসবের বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. আব্দুস সাত্তার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank