

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে নৌপথে যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করেছে সরকার। রবিবার (২৪ মে) থেকে এ বিশেষ সার্ভিস কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
তিনি জানান, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রীচাপ কমাতে বিকল্প ঘাট ব্যবহার করে যাত্রী পরিবহন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বসিলা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “ঈদকে সামনে রেখে নৌপথে যাত্রীসেবা সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।”
প্রতিমন্ত্রী আরও জানান, এ বছর সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে যাত্রী পরিবহন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।
তিনি বলেন, “ঈদযাত্রায় যাত্রী হয়রানি কমাতে ঈদের আগে ৫ দিন এবং পরে ৫ দিন ফ্রি কুলি সার্ভিস ও ট্রলি সেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য ক্যাডেটদের মাধ্যমে হুইলচেয়ার সেবাও চালু রাখা হয়েছে।”
সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ফলে এবার ঈদযাত্রায় সদরঘাটে যাত্রীচাপ অনেকটাই কমবে এবং যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন।