মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে দুই বিপত্তি, ফের বন্ধ রাজশাহীর রেল যোগাযোগ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

রেললাইন ভেঙে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ ফের বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশনের কাছে পৌঁছালে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশনের কাছে একটি বগি লাইনচ্যুত হয়েছে। ওই বগির দুটি চাকা রেললাইন থেকে বেরিয়ে গেছে। ঈশ্বরদী স্টেশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষে রেললাইন চলাচলের উপযোগী হলে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এর আগে মঙ্গলবার ভোরে রাজশাহীর আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকাসহ সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৬টার দিকে রেললাইনে ভাঙন শনাক্ত হওয়ার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রেললাইন মেরামতের কারণে পথে ও বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। পরে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে এর কয়েক ঘণ্টা পরই হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় আবারও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

একই দিনে রেললাইন ভাঙন ও ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন যাত্রীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank