রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৪:২৩ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

নেত্রকোনার মদন উপজেলার বাগজান গ্রামের সামনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁ’র ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে বাড়ির সামনে হাওরে গরু চরাতে নিয়ে যান আমিনুল ইসলাম এরশাদ। পরে বৃষ্টি শুরু হলে গরুগুলো বাড়িতে আনতে তিনি হাওরে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে হাওরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে স্বজনরা দ্রুত তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার দাস জানান, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার জানান, নবনিযুক্ত ইউএনও বিষয়টি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার জন্য পিআইওকে নির্দেশনা দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন