

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজের মাকে মারধর, অশোভন আচরণ ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে মোঃ সোহেল রানা (৩০) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর ভাটারা এলাকার মৃত শহর আলীর ছেলে।
জানা গেছে, সোহেল রানা মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে নিজের মায়ের সঙ্গে অশোভন আচরণ করতেন। এ সময় তিনি ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি মাকে মারধরও করতেন বলে অভিযোগ রয়েছে। ছেলের নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মা।
তবে অভিযোগ দেওয়ার পরও সোহেলের আচরণে পরিবর্তন না আসায় বুধবার সকালে ফের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানান ওই মা। পরে অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে সোহেল রানা নিজের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম এনপিবি নিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত ব্যক্তি আদালতে তার দোষ স্বীকার করায় আইন অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয়েছে।



