

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম অসুস্থ হয়ে গত পাঁচ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন। ফলে বিস্ফোরণের সময় তিনি ওই ঘরে ছিলেন না। তার ঘরের চাবি মোয়াজ্জিন ও মসজিদ কমিটির কয়েকজন সদস্যের কাছে রয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে আলামত দেখে এটি বোমা বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ঘরের ভেতরে কে বা কারা বিস্ফোরক রেখেছিল কিংবা কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মসজিদ কমিটির সদস্য মালেক আকন গণমাধ্যমকে বলেন, ইমামের থাকার কক্ষে কে বা কারা বোমা রেখেছে, সেটা আমরা জানি না। আজ আমরা নামাজরত অবস্থায় থাকলে যদি বোমাটি বিস্ফোরিত হতো, তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনায় টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলামত দেখে মনে হচ্ছে, বোমা রেখেছিল কেউ। আমরা এরকমটাই ধারণা করছি, তবে এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।



