মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যাকে ধমক দিচ্ছেন কাল তার কাছেই যেতে হবে: হুইপ নিজান

কমলনগর-রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির নেতা-কর্মীদের ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে একসময় আবার সেই মানুষের কাছেই ভোট চাইতে যেতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কমলনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান বলেন, ‘একসময় আমরা মিছিল করতে পারতাম না, বাগানে বাগানে পালিয়ে ছিলাম। আজকে আমরা বুক ফুলিয়ে মিছিল করছি। এখন বাধা দেওয়ার কোনো মানুষ নেই, দেওয়ার সাহসও নেই। এ জন্যই বলি ক্ষমতাই ক্ষমতা, মজাই মজা। এই মজা চিরস্থায়ী নয়।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। সাড়ে চার বছর পর আবার নির্বাচন হবে। সে সময় জনগণের কাছেই যেতে হবে। তাই এখন যাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে বা ক্ষমতা দেখানো হচ্ছে, ভবিষ্যতে আবার তাদের কাছেই ভোট চাইতে যেতে হবে।

নিজান বলেন, ‘আমি অন্যকে সম্মান করি, বিরোধী মতকে সম্মান জানাই। কারণ সাড়ে ৪ বছর পর আবার নির্বাচন হবে। সেদিন কিন্তু মানুষ ঠিক করে নেবে আজকে যে মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করছেন, যে মানুষটাকে ধমক দিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, সাড়ে ৪ বছর পর আবার তার কাছে আমাদের যেতে হবে। এটার নামই গণতান্ত্রিক রাজনীতি।’

দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে হুইপ নিজান বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতির কথা বলবে এবং ফ্যাসিবাদ, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে অবস্থান নেবে। দেশের সম্পদ বিদেশে পাচারকারীদের বিরুদ্ধেও কথা বলতে হবে। ১৭ বছর আওয়ামী লীগ টিআর, কাবিখা লুট করেছে, মানুষ তাদের জবাব দিয়েছে। এখন আপনারা যদি তা-ই করেন, আপনাদেরও মানুষ জবাব দেবে।’

দলীয় নেতা-কর্মীদের নিজেদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনার আহ্বান জানিয়ে নিজান বলেন, ‘আপনারা আমাকে লক্ষ করবেন, অনুসরণ করবেন। আমি অনুসরণ করব আমার নেতা তারেক রহমানকে। তারেক রহমান এখনো ক্যান্টিনে ১৫০ টাকার ভাত খান। তিনি বড় চেয়ারে বসেন না, আমি কেন বসব? আপনাদের প্রথমে চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে। মুখোশধারী পরিবর্তন আনলে হবে না। আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছি। তাই আমাদের সবাইকে সাবধান ও সংযত থাকতে হবে। আমরা যেন জনগণের মাঝে একই রূপে আবির্ভূত না হই, যেভাবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে।’

কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কাদের ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেন।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সদস্যসচিব আবু সাঈদ দোলন ও মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank