মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় মাটি কাটতে গিয়ে পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
আহত দুই শ্রমিক
expand
আহত দুই শ্রমিক

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে মাটি কাটার সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বালুন্ডা দক্ষিণ পাড়ার গনি ঢালির ভিটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৬০)। তারা দুজনই পেশায় মাটি কাটা শ্রমিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে তারা ওই ভিটেতে মাটি কাটার কাজ করছিলেন। একপর্যায়ে মাটির আনুমানিক দেড় হাত গভীরে কোদাল দিয়ে আঘাত করলে সেখানে পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

আহতদের তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, জাকির হোসেনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, জাকির হোসেন বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমাটি অনেক আগে থেকেই মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল।

তবে এটি পরিকল্পিত কোনো নাশকতার অংশ কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X