মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইনের তীব্র সংকট, ভোগান্তিতে রোগীরা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
expand
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা ও ডায়রিয়াজনিত রোগীদের জন্য প্রয়োজনীয় স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এতে জরুরি চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাসপাতালের স্টোরে স্যালাইন না থাকায় অনেক রোগীকেই বাইরে থেকে কিনে আনতে বাধ্য হতে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও স্বজদের অভিযোগ, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্যালাইন বাইরের ফার্মেসি থেকে সংগ্রহ করতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।

রাতে চিকিৎসা নিতে আসা এক রোগীর অভিভাবক রেজাউল মিয়া বলেন, ‘গভীর রাতে মাধবপুর বাজারে কোথাও স্যালাইন পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটি ফার্মেসি থেকে সংগ্রহ করতে পেরেছি।’

এদিকে সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকটি বেড অপরিষ্কার অবস্থায় রয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে দুর্গন্ধের অভিযোগও পাওয়া গেছে। পাশাপাশি রোগীদের খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা।

এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, ‘বছরের শেষ এবং মাসের শেষ হওয়ায় স্যালাইনের সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিয়েছে। খুব দ্রুত নতুন চালান হাসপাতালে পৌঁছাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

তবে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, কলেরা ও ডায়রিয়ার মতো সংক্রামক রোগের চিকিৎসায় প্রয়োজনীয় স্যালাইনের সংকট কোনোভাবেই কাম্য নয়।

একই সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে তারা মনে করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন