

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যাকবলিত শিশু, নারী ও বয়স্কসহ ১ হাজার ৫১০ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে রামু ১০ পদাতিক ডিভিশন।
সোমবার (২৭ জুলাই) সকাল থেকে বিএমচর ইউনিয়নের বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন জানান, সাম্প্রতিক বন্যায় বিএমচর ইউনিয়নের ছৈন্নাম্মাঘোনা এলাকার প্রায় ৯০ শতাংশ বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে বিশুদ্ধ পানি ও খাদ্যসংকটের পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। একই সঙ্গে বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের প্রতিরক্ষার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। এ ধরনের মানবিক কার্যক্রম বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


