

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ ও নানা অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব।
কৃষিমন্ত্রীর এমন মন্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান কৃষিমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের একপর্যায়ে মেঝে, বাথরুম ও সামগ্রিক পরিবেশের অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের মেঝেতে ময়লা ও কালো দাগ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, টাইলসের ওপর এভাবে কালো দাগ থাকার কথা নয়। নিয়মিত হারপিক ব্যবহার করলে এসব দাগ উঠে যায়।
এরপর বাথরুমের অবস্থা দেখে আরও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখছি ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ। অন্তত বাথরুমগুলো তো আপনারা ব্যবহারযোগ্য রাখবেন।
একপর্যায়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে উদ্দেশ করে কড়া বার্তা দিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ’—অর্থাৎ তিনি এখনই পরিচ্ছন্ন পরিবেশ চান।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন কক্ষে নষ্ট হয়ে পড়ে থাকা বৈদ্যুতিক পাখাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে অচল থাকা এসব ফ্যান দ্রুত মেরামতের জন্য ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।
এদিকে কুমিল্লার স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে প্রয়োজনের সময় মুঠোফোনে পাওয়া যায় না। তাঁর কার্যালয়ে গিয়েও অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ করেন তাঁরা।
হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা ও মন্ত্রীর নির্দেশনার বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

