মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চর দখল নিয়ে টেঁটাযুদ্ধ, প্রাণহানির পর গ্রাম পুরুষশূন্য

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
ফাইল ছবি
expand

কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলে চর দখলকে কেন্দ্র করে ভয়াবহ টেঁটাযুদ্ধে এক নারী নিহত হওয়ার একদিন পরও থামেনি উত্তেজনা। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এদিকে সোমবার মেঘনা উপজেলার লোকজন চর বাটেরা গ্রামে হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্যের দাবি, আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন অধিকাংশ পুরুষ, ফলে চর বাটেরা এখন কার্যত পুরুষশূন্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার চর বাটেরা গ্রামের মানুষের চর দখল নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই রবিবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার দুপুরে তিতাসের চর বাটেরা গ্রামের প্রবাসী মো. শাহবাজ ও মজনু মিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গেলে সেখানে মেঘনার চরবিনোদপুর গ্রামের আলী আকবর ও তার সহযোগীরা তাদের মারধর করে আটকে রেখেছে; এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে চর বাটেরার লোকজন সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। ওই ঘটনাকে কেন্দ্র করেই বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র, বিশেষ করে টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। একপর্যায়ে মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামের কুহিনূর আক্তার (৩৮) গলায় টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বসতঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনার পর অভিযান চালিয়ে তিতাস উপজেলার চর বাটেরা গ্রামের মাইনুদ্দিন (৪০), মো. হান্নান (২৬), কাশেম বেপারী (৬০) ও মো. রানা (২১)কে আটক করে মেঘনা থানা পুলিশ।

এদিকে সংঘর্ষের পরদিন সোমবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চর বাটেরা গ্রামের ইউপি সদস্য শাহ আলম অভিযোগ করেন, মেঘনার চর বিনোদপুরের লোকজন সোমবার চর বাটেরা গ্রামে ঢুকে লুটপাট চালিয়েছে। হামলার আশঙ্কায় গ্রামের অধিকাংশ পুরুষ এলাকা ছেড়ে চলে গেছেন। বর্তমানে চর বাটেরা পুরুষশূন্য হয়ে পড়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এনপিবি নিউজকে বলেন, ঘটনার পর চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রস্তুত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক এনপিবি নিউজকে বলেন, নিহতের মরদেহ এলাকায় নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চর বাটেরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank