শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি নিয়ন্ত্রণে আনাই প্রধান লক্ষ্য: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ এএম
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা–৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন
expand
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা–৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অপব্যয় ও অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন নতুন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা–৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনা এবং যতদূর সম্ভব কমিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলায় দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

জাকারিয়া তাহের সুমন বলেন, ‘আমার সর্বাধিক চেষ্টা থাকবে, যেন এই মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনা যায় এবং যতদূর সম্ভব কমিয়ে আনা যায়।’ তিনি বলেন, অতীতে প্লট বরাদ্দ নিয়ে এই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে—এমন অভিযোগ রয়েছে। এ বিষয়ে সতর্ক থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করা হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দিয়েছেন, মন্ত্রীরা সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি নেবেন না। এতে তদবির–সংক্রান্ত চাপ থেকে তিনি মুক্ত থাকবেন বলে মন্তব্য করেন তিনি।

গৃহায়ন ও গণপূর্ত বিভাগের স্থবির বা বন্ধ থাকা মেগা প্রকল্পগুলো পুনরায় চালু হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হয়েছে। শিগগিরই প্রকল্পগুলো মূল্যায়ন করা হবে। কোনগুলো জরুরি এবং কোনগুলো প্রয়োজনীয় নয়, তা নির্ধারণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব যেন কোনো অপব্যয় না হয়।’

এর আগে বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতা–কর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X